শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৪, ১৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মৌলভীবাজারে অসহায় ও দুস্থ ৩২০ পরিবারের মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলা থেকে যাচাই-বাছাই করে বিধবা, প্রতিবন্ধী, অসুস্থ, দরিদ্র ও কর্মক্ষমতাহীন ব্যক্তিদের অনুদানের জন্য নির্বাচন করা হয়। উপকারভোগীদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। কেউ চিকিৎসা, কেউ ক্ষুদ্র ব্যবসা আবার কেউ পারিবারিক প্রয়োজন মেটাতে এ অর্থ ব্যয় করবেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে না পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার বলেন, উপজেলা পর্যায় থেকে পাওয়া তালিকা যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। অনুদান বিতরণে কোনো ধরনের তদবির বা স্বজনপ্রীতি করা হয়নি।
চেক পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এ অর্থ চিকিৎসা ও ক্ষুদ্র ব্যবসাসহ পরিবারের জরুরি প্রয়োজনে কাজে লাগাবেন। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই