ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ডিএমপির চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ গ্রেপ্তার ১০৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২০, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২২, ১৯ নভেম্বর ২০২৬

ডিএমপির চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ গ্রেপ্তার ১০৭

ছবি : সংগৃহীত

রাজধানীতে চলমান সহিংসতা ও নাশকতা দমনে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নুরুল ইসলাম নাহিদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত মাদ্রাসাছাত্র সাদেকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীতে কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে নগরজুড়ে একযোগে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধেও মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গতকাল রাতে উত্তরা পশ্চিম থানার একটি দল উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বর্তমানে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিবি উত্তরা বিভাগের একটি আভিযানিক দল অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধেও মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে তার সংশ্লিষ্টতা পর্যালোচনা করা হচ্ছে।

নিয়াজ মেহেদী বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতা করে ঢাকায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপরও নজরদারি রয়েছে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে।

এদিকে, গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন