ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

পাঁচ বছর পর বাদল হত্যা রহস্য উদঘাটন, দিনাজপুরে গ্রেপ্তার ১

ঢাকা (উত্তরা) প্রতিনিধি

প্রকাশ: ১৯:২৯, ১৯ নভেম্বর ২০২৬

পাঁচ বছর পর বাদল হত্যা রহস্য উদঘাটন, দিনাজপুরে গ্রেপ্তার ১

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যাকাণ্ডের পাঁচ বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামে এক আসামিকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর রাতে আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ার একটি ভাড়া বাসায় বাদল মিয়াকে হত্যা করা হয়। পরদিন তাঁর বাবা আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

প্রথমে আশুলিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্তের পর সংস্থাটি চূড়ান্ত প্রতিবেদন দিলেও আদালত তা গ্রহণ না করে অধিকতর তদন্তের দায়িত্ব দেন পিবিআই ঢাকা জেলাকে।

দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের তদন্ত ও আসামির জবানবন্দি অনুযায়ী, ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে সুজনের পরিচয় হয়। ঘটনার দিন যৌন সম্পর্কের বিষয়ে কথা বলে বাদলের আমন্ত্রণে একটি ভাড়া বাসায় যান তিনি। সেখানে একপর্যায়ে বাদলের সঙ্গে টাকা নিয়ে বিরোধ ও হাতাহাতি হয়। এ সময় বাদলের ঘাড়ে ঘুষি মারার পর গলায় গামছা পেঁচিয়ে এবং মুখে বালিশ চেপে ধরে তাঁকে হত্যা করেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন সুজন।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি শনাক্তে কাজ শুরু হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন