শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২০:১৭, ১৯ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
ময়মনসিংহের চার উপজেলায় মধ্যরাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকায় এসব ঘটনা ঘটে। এতে সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই রাতে ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাড়িতে হামলা চালিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। একই উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই