শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৩, ১৯ নভেম্বর ২০২৬
ছবি : পিআইডি
আসন্ন রমজান উপলক্ষে জানুয়ারির শুরুতেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই এর আগেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো প্রয়োজন।
বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
রাষ্ট্রদূত জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার পাশাপাশি পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা বাণিজ্য কমিটি গঠনে দুই পক্ষ একমত হয়।
এ ছাড়া বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের উদ্যোক্তা ও কারুশিল্পীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি। এ জন্য সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরির নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই