ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

দুর্নীতি-প্রতারণার অভিযোগে মেঘনা আলমকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪০, ১৮ নভেম্বর ২০২৬

দুর্নীতি-প্রতারণার অভিযোগে মেঘনা আলমকে দুদকে তলব

ফাইল ছবি

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন।

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থেই দুদকের তলবি চিঠিতে মেঘনা আলমকে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে আলোচনায় আসেন তিনি।

এ ছাড়া মেঘনা আলম ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি আলোচিত এ মডেল ও রাজনীতিবিদ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন