ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাজধানীর মিরপুরে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৯, ১১ নভেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে ৩ বাসে আগুন

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে এবং একই দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও গাড়ির বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল উপস্থিত রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাস দুটি বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার পুড়ে গেছে। এতে বিকল্প পরিবহণের আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য বাসে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন