ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

‘প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩২, ২৫ নভেম্বর ২০২৬

‘প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার’

ছবি : সংগৃহীত

শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করার পাশাপাশি প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং এগুলোকে জ্ঞানচর্চা ও উৎকর্ষের কেন্দ্রে পরিণত করতে হবে। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম গড়ে তোলাও সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ উদ্যোগ সফল হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আগ্রহী হবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবোটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন