শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:১৬, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:১৭, ১৭ অক্টোবর ২০২৬
জরুরি বিভাগের বিছানায় শুয়ে আছেন আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিন | ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হাইডি লেভাইন গুরুতর আহত হয়েছেন। তাঁকে রামাল্লাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) পশ্চিম তীরের আবু ফালাহ গ্রামে ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে ছিলেন লেভাইন। এ সময় কয়েক ডজন মুখোশধারী ইসরাইলি বসতি স্থাপনকারী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং পাথর ছোড়ে।
এক ভিডিও বার্তায় হামলার বর্ণনা দিয়ে লেভাইন বলেন, হামলাকারীরা তাঁর ক্যামেরা ও ফোন ভেঙে ফেলে, ব্যাগ ছিঁড়ে নেয় এবং মাটিতে ফেলে তাঁকে বারবার লাথি মারে। প্রায় ১০ মিনিট ধরে হামলা চলে বলে জানান তিনি।
দ্য ওয়াশিংটন পোস্ট এক বিবৃতিতে জানায়, হামলার সময় লেভাইনের পরনে সাংবাদিক পরিচয় স্পষ্ট করে এমন পোশাক ও চিহ্ন ছিল। দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, একই ঘটনায় বসতি স্থাপনকারীদের হামলায় আহত ৬৩ বছর বয়সী এক নারী ও ৪০ বছর বয়সী এক পুরুষকেও চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে ফিলিস্তিনিদের একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক সংগঠন ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাইল পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করবে।
প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রধান মুস্তফা বারঘুতির অভিযোগ, কৃষকেরা জলপাই সংগ্রহের প্রস্তুতি নেওয়ার সময় আবু ফালাহ গ্রামে বসতি স্থাপনকারীরা হামলা চালায়। তারা জলপাইগাছে আগুন দেয় এবং পাথর ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
প্রতি বছর জলপাই সংগ্রহের মৌসুমে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটে।
ঢাকা এক্সপ্রেস/এসআই