শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩২, ২৫ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অন্যান্য সমস্যা সমাধানে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টিআইবি ও রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম (আরডিআরএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। দক্ষতা ও কার্যকর ভূমিকার মাধ্যমে সাংবাদিকেরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
তিনি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরডিআরএফের সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে টিআইবির এ উদ্যোগ প্রশংসনীয়। দুর্নীতির চিত্র তুলে ধরা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যনির্ভর সাংবাদিকতার বিকল্প নেই।
তিনি ভবিষ্যতেও রংপুর অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে টিআইবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
দিনব্যাপী কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। এতে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সাংবাদিকতার কৌশল ও ব্যবহারিক দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই