শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে তাঁর বাসায় হাজির হয়েছিলেন গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই)। শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার সকালে মাহমুদুর রহমান বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্য তাঁকে পরোয়ানার বিষয়টি জানান।
২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলার অন্য আসামিরা হলেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম।
প্রতিবেদন অনুযায়ী, মামলাটির কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন। গত ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ রয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
এদিকে, ২০১০ সাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের করা বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন মাহমুদুর রহমান। এসব মামলার কয়েকটি এখনো চলমান রয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই