শিরোনাম
বিনোদন প্রতিবেদক:
প্রকাশ: ১৯:৩৬, ২৬ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তিনি।
পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি আরও লেখেন, যারা তাঁদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের কাছে এ পরিস্থিতি বোঝার পাশাপাশি সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছেন।
জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে ন্যান্সি বলেন, জীবন নিজস্ব গতিতেই এগিয়ে চলে। শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে বরণ করে নিতে চান তিনি। এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে জানতে ন্যান্সির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে তাঁদের আংটি বদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মহসিন মেহেদীর সঙ্গে এটি ন্যান্সির তৃতীয় সংসার। তাঁদের এক মেয়ে রয়েছে।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালের ২৪ মে তাঁদের বিচ্ছেদ হয়। ওই সংসারেও তাঁদের এক মেয়ে রয়েছে।
পরবর্তী সময়ে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন এই সংগীতশিল্পী। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এ সংসারেও তাঁদের এক মেয়ে রয়েছে।
২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন ন্যান্সি। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, ‘দ্বিধা’, ‘এত দিন কোথায় ছিলে’, ‘বুকের ভিতর’, ‘ডানা কাটা পরী’, ‘তুমি আমার জীবন’, ‘প্রেমিকা’ ও ‘নিঃশ্বাস’।
‘প্রজাপতি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ন্যান্সি। তাঁর একক অ্যালবামের মধ্যে রয়েছে ‘ভালোবাসা অধরা’, ‘রঙ’, ‘মায়াবি আকাশ নীল’ ও ‘ভালোবাসো বলে’।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই