ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৫, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৫, ২৬ নভেম্বর ২০২৬

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলু এজেন্সিও প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রশাসনের একাংশ ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান চালানোর পক্ষে। তাদের ধারণা, এতে ইরানের নেতৃত্বের ওপর চাপ বাড়বে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যুদ্ধ শেষ করার সুযোগ তৈরি হবে।

তবে প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা এ পরিকল্পনার বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হলে দেশটির অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে। এতে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মার্কিন সেনা ও কর্মকর্তাদের ওপর পাল্টা হামলার ঝুঁকি বাড়বে।

এনবিসি নিউজ জানায়, ট্রাম্প এখনো বিভিন্ন সামরিক পদক্ষেপ বিবেচনা করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে বড় পরিসরে যুদ্ধ শুরু করা এবং ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় হামলা।

সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে খারগ দ্বীপের তেল স্থাপনা, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। এসব স্থাপনায় হামলা হলে ইরানের অর্থনীতি ও কৌশলগত সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে ইরানের হুমকির আশঙ্কায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। মন্ত্রিসভার আরও কয়েকজন কর্মকর্তার ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে বাবার ওপর হামলায় আহত হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি এনবিসি নিউজ।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন