শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৮:৪৬, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৭, ২৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। তাঁর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ দেশের মানুষ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের অহংকার। দেশের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রক্তের নেশা থেকে বেরিয়ে আসেননি। তাঁর নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে চলমান স্থিতিশীলতা নষ্ট ও সরকারের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, ক্রসফায়ার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটত। তবে বর্তমান সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সরকারের এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি হিসেবে যৌথ সভাটির আয়োজন করা হয়। বিএনপি আশা করছে, উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও আব্দুস সালাম আজাদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই