ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

খাদ্যে ভেজাল দিলে মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৫, ২৬ নভেম্বর ২০২৬

খাদ্যে ভেজাল দিলে মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ সংশোধনের প্রস্তাব তুলে ধরে খাদ্য মন্ত্রণালয়। এতে গুরুতর অনিয়মের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে একাধিকবার আইন লঙ্ঘন, নির্দেশনা অমান্য কিংবা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হলে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ক্ষমতা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য জব্দ এবং ঝুঁকিপূর্ণ খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে।

বৈঠকে খাদ্যমন্ত্রী ভোক্তাদের নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। সরকারি খাদ্য সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে খাদ্যবান্ধব কর্মসূচিতে প্রতি ২৫০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। আগে প্রতি ৫০০ জনের জন্য একজন ডিলার নিয়োগের বিধান ছিল।

তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। প্রাথমিকভাবে ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৭৩টি ট্রাকে চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে সরকারি খাদ্যগুদামের ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন