শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪১, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪২, ২৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও দেশে ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যা শুরু করেছে, সেটিকে কোনোভাবেই রাজনীতি বলা যায় না। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। এ ছাড়া বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেও তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করবে সরকার। তাঁর বিরুদ্ধে মামলা ও আদালতের রায় রয়েছে। তাই বিদ্যমান চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানাবে বাংলাদেশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারতে কী অবস্থায় রয়েছেন, তা বাংলাদেশের জানা নেই। তবে তাঁর বিরুদ্ধে মামলা ও আদালতের রায় থাকায় প্রচলিত আইন এবং দুই দেশের চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত চাওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ে কী ঘটেছে এবং বর্তমানে কী হচ্ছে, তা বাংলাদেশের মানুষ ভালোভাবেই জানে।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শেখ হাসিনার বক্তব্যকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাঁর অভিযোগ, জনগণের অর্থ লুটপাট ও মানুষ হত্যার পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই