শিরোনাম
গবি প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৬, ২৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফায়েল টুডু খেলোয়াড় কোটায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। পড়াশোনার পাশাপাশি পেশাদার ফুটবলার হয়ে তিনি নিজের মেধা প্রমাণ করেছেন বারবার। সাঁওতাল পাড়ার কৃষকসন্তান থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের সেরা খেলোয়াড় হয়ে এখন তাঁর চোখ জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে।
রাজশাহীর গোদাগাড়ীর আমতলীপাড়ার সাঁওতাল সম্প্রদায়ের এই ছেলের বাবা মানিক টুডু ছিলেন কৃষক। চার ভাই ও দুই বোনসহ আটজনের সংসার চালানো ছিল কঠিন। কে জানত, পাড়াগাঁয়ের এই ছেলেই একদিন দেশের ক্যাম্পাস ফুটবলের সবচেয়ে আলোচিত মুখ হয়ে উঠবেন! বাবাই তাঁকে ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ২০১৭ সালে অসুস্থ বাবাকে বাড়িতে রেখে অনুশীলনে গিয়েছিলেন, ফিরে এসে আর পাননি।
২০১৯ সালে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমিতে ভর্তি হন রাফায়েল। কোচ তাঁর গড়ন দেখে গোলকিপার হিসেবে খেলাতে শুরু করেন। সে বছরই মাত্র ৭০০ টাকা নিয়ে এক রাতে ট্রেনে ঢাকায় আসেন। কিন্তু বিসিএলে গোলকিপার হিসেবে সুযোগ মেলেনি। অভিমান নিয়ে ২০২২ সালে রাজশাহীতে ফিরে স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেন। সেই সিদ্ধান্তই বদলে দেয় তাঁর ক্যারিয়ার।
রাফায়েলের ফুটবলযাত্রা শুরু রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি থেকে। সেখানে তিনি শুরু করেন গোলকিপার হিসেবে। ২০২০-২১ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের তৃতীয় পছন্দের গোলকিপার ছিলেন। সুযোগের অভাবে ফিরে যান একাডেমিতে। একটি স্থানীয় টুর্নামেন্টে স্ট্রাইকার হিসেবে নিজের দক্ষতা দেখানোর পর ২০২৩-২৪ মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব তাঁকে দলে নেয়। সেই সিদ্ধান্তই বদলে দেয় সব। বিসিএলে তিনি হন সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়। ২০২৫-২৬ মৌসুমে খেলেছেন ঢাকা মোহামেডানে। ২০২৬ সালের ১০ জুলাই বিনা ট্রান্সফার ফিতে যোগ দেন ফোর্টিস এফসিতে, সেখানেই এখনো খেলছেন।
গণবিশ্ববিদ্যালয়ের জার্সিতেও সাফল্য কম নয় টুডুর। ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের প্রথম আসরেই চমক দেখায় এই গোল মেশিন। তার কৃতিত্বেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম লেখায় গণবিশ্ববিদ্যালয়। তৃতীয় আসরে দলটি আবার ফাইনালে ওঠে। পাঁচ ম্যাচে আট গোল করে রাফায়েল হন সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়। গ্রুপ ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে করেছেন হ্যাটট্রিক। ফাইনালে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে এআইইউবির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান হাবিব উদ্দিন বলেন, '২০২১ সালে উচ্চমাধ্যমিক পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন রাফায়েল। পরে আমাদের পরামর্শে খেলোয়াড় কোটায় গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এভাবে ফুটবলের পাশাপাশি তিনি আবার পড়াশোনার পথেও ফেরেন।'
তিনি আরো বলেন, ‘রাফায়েল টুডু উদীয়মান খেলোয়াড় হিসেবেই গণ বিশ্ববিদ্যালয়ে এসেছে। সে সাঁওতাল ছেলে। প্রচুর কষ্টের মধ্য দিয়ে এসেছে ছেলেটা। সে দুর্দান্ত খেলোয়াড়। বিসিএল বা প্রথম আলোতে যখন খেলেছে, তখন তার খেলা দেখে সবাই বলত, এই ছেলে একদিন দেশের “স্টার প্লেয়ার” হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টুডুকে নিয়ে আমরা অনেক বেশিই আশাবাদী। আমরাও স্বপ্ন দেখি, সে একদিন জাতীয় দলের হয়ে খেলবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, ‘গণবিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি সব সময় খেলাধুলাকে উৎসাহিত করে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। তাদের অর্জন আমাদের জন্য গৌরবের, আমরা এ অবস্থান ধরে রাখতে চাই।’
সাফল্যের পরও ঘরের ছবি বদলেছে ধীরে। মা মাকলু হেমব্রম এখনো মাটির ঘরে থাকেন, দূর্দশা পিছু ছাড়েনি। তবে হতাশ হননি রাফায়েল। তার স্বপ্ন এখন আন্তর্জাতিক মঞ্চ। তিনি জাতীয় দলে খেলতে চান এবং বাংলাদেশের নাম্বার নাইনের শূন্যতা পূরণ করতে চান। তাঁর এই যাত্রা মনে করিয়ে দেয়, প্রতিভাকে সুযোগ দিলে ক্যাম্পাস থেকেই উঠে আসে দেশের ভবিষ্যৎ তারকা।
ঢাকা এক্সপ্রেস/এসআই