ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪০, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৫, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান ও উন্নত খামার ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।

তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন। দেশে দুই লাখের বেশি পোল্ট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তারেক রহমান বলেন, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত, হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রতিবন্ধকতা রোগবালাই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা বাড়াতে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারি ও উদ্যোক্তাদের অবদান গুরুত্বপূর্ণ।

পশুপাখির প্রতি নির্যাতন বন্ধ এবং তাদের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির জন্য খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন