ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

বাংলাদেশ দখলের ঘোষণা উসকানিমূলক: মুক্তিযুদ্ধমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি:

প্রকাশ: ১৭:৪৪, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ দখলের ঘোষণা উসকানিমূলক: মুক্তিযুদ্ধমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যকে উসকানিমূলক অভিহিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘বাংলাদেশ তাদের উসকানিতে পা দেবে না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও কিংবা অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। দেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের সভাপতি।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ১৭ বছর ধরে নিজেদের মতো করে মুক্তিযুদ্ধের চেতনা শেখানোর চেষ্টা করা হলেও ছাত্রসমাজ ও জেন-জি তা গ্রহণ করেনি, বরং তাদের হৃদয়ে ’৭১-এর ২৭ মুক্তিযোদ্ধার চেতনা ও বাংলাদেশ ছিল। পাশাপাশি ’৭১, ’৯০ ও ’২৪-এর গণঅভ্যুত্থানের ঋণ স্বীকার করে বলেন, ’২৪ ও ’৭১-কে কখনো মুখোমুখি দাঁড় করানো হবে না, আর ’২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের দেশের স্বার্থ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

অনুষ্ঠানে বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না। পলাতক শেখ হাসিনা ভারতে গিয়ে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধ আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আপনারা গোপালগঞ্জের তাণ্ডব দেখেছেন। অনেকেই ভেবেছিলেন সরকার গুলি চালাবে, ভেবেছিলেন তাণ্ডব করাবেন; আমরা আইনি পথ ধরে হেঁটে যাচ্ছি। কেউ যদি মনে করেন এখান থেকে গিয়ে গোপালগঞ্জে ভাড়া খেটে সেরকম অশান্ত পরিবেশ তৈরি করবেন, তবে তাদের বলি বাংলাদেশের আর কোথাও গোপালগঞ্জ হওয়ার সুযোগ নাই।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছেন, কিন্তু তা ব্যর্থ করতে ’২৪-এর পরাজিত শক্তি চক্রান্ত করছে; দেশের বাইরে বসে শেখ হাসিনা ইন্ধন জোগাচ্ছেন এবং শেখ হাসিনার নির্দেশনা ও ভারতের ইন্ধন ছাড়া গোপালগঞ্জে ও বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস সম্ভব নয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন