ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

পা দিয়ে লিখে স্নাতকোত্তর, বিসিএসও দিয়েছেন শারমিন; চান একটি সরকারি চাকরি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৯, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪০, ২৫ নভেম্বর ২০২৬

পা দিয়ে লিখে স্নাতকোত্তর, বিসিএসও দিয়েছেন শারমিন; চান একটি সরকারি চাকরি

ছবি: ঢাকা এক্সপ্রেস

জন্ম থেকেই দুই হাত অকার্যকর। কলম ধরা কিংবা হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করার সামর্থ্য নেই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাঁর স্বপ্নের পথে বাধা হতে পারেনি। পা দিয়ে লিখেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন শারমিন আক্তার। একইভাবে অংশ নিয়েছেন ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায়। এখন তাঁর স্বপ্ন একটি সরকারি চাকরি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আকুতি জানিয়েছেন তিনি।

বেঞ্চের ওপর দুই পা তুলে বসে ডান পায়ের আঙুলের সাহায্যে কলম ধরে লেখেন শারমিন। প্রতিটি শব্দ লিখতে তাঁকে বেশ সময় ও পরিশ্রম করতে হয়। জন্মগতভাবেই তাঁর দুই হাত অকার্যকর। হাত দুটি সরু ও তালু বাঁকানো। কোনো কিছু ধরার মতো শক্তি নেই। সাধারণত ওড়না দিয়ে হাত ঢেকে রাখেন তিনি। বাইরে থেকে সহজে তাঁর শারীরিক প্রতিবন্ধকতা বোঝার উপায়ও নেই।

নোয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগ থেকে ২০২২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন শারমিন। এর আগে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং একই কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেন। শৈশব থেকেই পায়ের সাহায্যে লিখে পড়াশোনা করেছেন তিনি। নানা প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সরকারি চাকরির স্বপ্নও ধরে রেখেছেন।

দুই বোন ও এক ভাইয়ের মধ্যে শারমিন সবার বড়। তাঁর বাবা ফিরোজ আলম টুকটাক কৃষিকাজ করেন। পরিবারের সম্বল বলতে সামান্য কিছু জমি। মা বকুল বেগম গৃহিণী। দুই বছর আগে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ করে ছোট ভাইকে বিদেশে পাঠানো হয়। বর্তমানে ভাইয়ের উপার্জনেই চলে পরিবারের খরচ। ছোট বোন পড়াশোনা করছেন ডিগ্রিতে।

শারমিনের স্বপ্ন, একটি সরকারি চাকরি পেলে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। কৃষক বাবার স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থারও পরিবর্তন আনবেন। তবে শিক্ষাগত যোগ্যতা ও পরিশ্রম থাকা সত্ত্বেও চাকরির ক্ষেত্রে বারবার বাধার মুখে পড়ছেন তিনি।

শারমিনের অভিযোগ, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষার জন্য তাঁকে ডাকা হয় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাস করেও ভাইভার সুযোগ পাননি। অন্যান্য চাকরির পরীক্ষাতেও অংশ নিচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এর মধ্যে বয়স বাড়তে থাকায় চাকরির সুযোগ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাতায়াত করাও তাঁর জন্য বেশ কঠিন। একা চলাফেরা করতে পারেন না। সঙ্গে কাউকে নিতে হয়। এতে যাতায়াত ও আনুষঙ্গিক খরচও বেড়ে যায়। সরকার থেকে পাওয়া প্রতিবন্ধী ভাতাই তাঁর নিয়মিত আর্থিক সহায়তা। তিন মাস পরপর ২ হাজার ৫০০ টাকা পান তিনি। এই সামান্য অর্থ দিয়েই পড়াশোনা ও ব্যক্তিগত প্রয়োজন মেটানোর চেষ্টা করেন।

শুধু পড়াশোনা কিংবা পরীক্ষার খাতায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পা দিয়ে লেখেন শারমিন। সেখানে নিজের সংগ্রাম, কষ্ট ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মানুষের কাছে একটি চাকরির সুযোগ চান। সরকারি চাকরির মাধ্যমে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেন তিনি।

প্রতিদিনের বিভিন্ন কাজে শারমিনকে সহযোগিতা করেন তাঁর মা। এত প্রতিকূলতার মধ্যেও থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি স্বপ্ন দেখেন একজন সরকারি কর্মকর্তা হওয়ার।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শারমিন বলেন, ‘অন্যদের দুই হাত আছে, তা দেখে আমার কষ্ট হয়। মনে হয়, অন্যদের হাত আছে, আমার নেই কেন? বিষয়টি নিয়ে লজ্জাও পাই। মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়, যার দুটি হাত নেই, তার জীবনে দুঃখ ছাড়া তো কিছু থাকতে পারে না। মাঝেমধ্যে মরে যাওয়ার কথাও ভাবি। চাকরির আবেদন করি, পড়াশোনা করি, পরীক্ষা দিই, কোনো কোনোটাতে টিকেও যাই, কিন্তু পরে আর ডাকে না। এভাবেই চলছে আমার জীবন।’

শারমিনের প্রত্যাশা, তাঁর শিক্ষাগত যোগ্যতা, মেধা ও প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়ার সক্ষমতা বিবেচনায় নিয়ে সরকার তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর আকুতি, একজন কৃষক বাবার স্বপ্ন পূরণে যেন একটি সরকারি চাকরির সুযোগ করে দেওয়া হয়।

দুই হাত অকার্যকর হলেও পা দিয়ে লিখে উচ্চশিক্ষা অর্জন করেছেন শারমিন। দিয়েছেন বিসিএস পরীক্ষাও। এখন তাঁর অপেক্ষা একটি সুযোগের, যে সুযোগে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের দায়িত্বও নিতে পারবেন তিনি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন