ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

আ.লীগের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৬, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৪, ২৫ নভেম্বর ২০২৬

আ.লীগের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের কর্মকর্তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর কিছু কর্মকর্তা আওয়ামী লীগের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাদের আগেই সতর্ক করা হয়েছিল। এরপরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই দায়িত্ব পালন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘এখন আসিব আসিব বলিয়া কতদিন পার হবে। কোনো দিন বলে নভেম্বর, কোনো দিন ডিসেম্বর, আবার কোনো দিন ১৬ তারিখ। এগুলোতে আমাদের মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।’

সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিসের চাপ? পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছি। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই, বাংলাদেশের মানুষও তা দেবে না।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের বিষয়ে নতুন করে বলার কিছু নেই। ইতিহাসে জার্মানির নাৎসি বাহিনীর মতো আরও কিছু গোষ্ঠীর উদাহরণ রয়েছে, যারা গণহত্যা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের পর আর রাজনীতি করার সুযোগ পায়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন