শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৫, ২৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন শ্রমিকেরা।
বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় জেলার অন্তত ৩০টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩২টি কারখানাও চালু হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাওজোড়, ভোগড়া ও সালনা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ বল প্রয়োগ করে তাঁদের সরিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। পরে ছয়দানা কলম্বিয়া এলাকায়ও শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
বেলা ১১টার দিকে নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে মহাসড়কে আবর্জনা ফেলে আগুন ধরিয়ে দেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, শ্রীপুরের নয়নপুর এলাকায় শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এর প্রতিবাদে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই