শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৩, ২৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের সীমান্তবর্তী জনপদে জেঁকে বসেছে শীতের আমেজ। ভোরের ঘন কুয়াশা আর সোনালি রোদের নরম ছোঁয়ায় গ্রামীণ প্রকৃতিতে ফিরে এসেছে চিরচেনা ঋতুবৈচিত্র্যের ছোঁয়া। এরই ধারাবাহিকতায় হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের বালিজুরী গ্রামে খেজুর গাছ পরিচর্যা ও রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
শীতের শুরুতেই অভিজ্ঞ গাছিরা খেজুর গাছের যত্ন ও রস আহরণের কাজে নেমে পড়েন। কোমরে দড়ি বেঁধে নিপুণ কৌশলে গাছে চড়ে তাঁরা গাছের মাথার পাতা ও ডালপালা ছেঁটে পরিষ্কার করেন। এরপর গাছের নির্দিষ্ট অংশ মসৃণ করে চেঁছে রস ঝরার উপযোগী করা হয়। কয়েক দিন বিশ্রাম দেওয়ার পর সেখানে নল বসিয়ে ঝুলিয়ে দেওয়া হয় মাটির হাঁড়ি। সন্ধ্যায় হাঁড়ি বাঁধার পর রাতভর টপটপ করে জমে মিষ্টি খেজুরের রস। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে হাঁড়ি নামিয়ে সংগ্রহ করা হয় টাটকা রস।
বালিজুরী গ্রামের গাছি বিল্লাল হোসেন খাঁ জানান, প্রতিবছর শীতের শুরুতেই তিনি এলাকার বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করেন। সংগ্রহ করা রসের নির্ধারিত অংশ গাছের মালিকদের দিতে হয়। অবশিষ্ট রস সকালে স্থানীয় হাট কিংবা রাস্তার মোড়ে প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করেন তিনি। এই আয় দিয়ে সংসারের নিত্যদিনের খরচ মেটানোর পাশাপাশি কিছুটা সঞ্চয়ও করতে পারেন।
বিল্লাল হোসেন খাঁ আরও বলেন, গ্রামীণ সড়কের পাশে বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলো থেকেই মূলত তিনি রস সংগ্রহ করেন। অযত্নে থাকা এসব গাছ শীত মৌসুমে কাজে লাগিয়ে রস সংগ্রহ ও বিক্রির মাধ্যমেই তাঁর পরিবারের জীবিকা নির্বাহ হয়।
শীতকালে বিশেষ কৌশলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ যাঁদের পেশা, লোকমুখে তাঁরা ‘গাছি’ নামে পরিচিত। বাংলার শীত, মিষ্টি রস, নলেন গুড় আর পাটালির ঐতিহ্যের সঙ্গে তাঁদের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কাঁচা রস দিয়ে তৈরি হয় পিঠা, পায়েস ও পুলিসহ নানা শীতকালীন খাবার। পাশাপাশি রস জ্বাল দিয়ে তৈরি সুস্বাদু গুড় ও পাটালিরও স্থানীয় বাজারে বেশ কদর রয়েছে।
ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন গাছিরা। তাঁদের পরিশ্রমে অবহেলায় থাকা গাছগুলো শীতের মৌসুমে আয়ের উৎসে পরিণত হয়। তবে দিন দিন খেজুর গাছ কমে যাওয়া, দক্ষ গাছির সংকট এবং নতুন চারা রোপণে অনাগ্রহের কারণে এই প্রাচীন ঐতিহ্য এখন হুমকির মুখে। খেজুরের রস ও গুড়ের উৎপাদন বাড়াতে গাছ সংরক্ষণ, নতুন গাছ লাগানো এবং গাছিদের প্রণোদনা ও উৎসাহ দেওয়ার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সীমান্তঘেঁষা গ্রামের কুয়াশাভেজা গাছ থেকে ফোঁটায় ফোঁটায় রস ঝরার দৃশ্য যেন গ্রামবাংলার চিরায়ত রূপেরই এক সজীব প্রতিচ্ছবি। খেজুরের রসের মিষ্টতার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের উপার্জন ও গ্রামীণ অর্থনীতির সম্ভাবনাময় দিক। সঠিক পরিচর্যা ও উদ্যোগের মাধ্যমে খেজুর গাছ রক্ষা করা গেলে একদিকে যেমন বেঁচে থাকবে বাংলার লোকজ ঐতিহ্য, তেমনি তৈরি হবে গ্রামীণ কর্মসংস্থান ও আয়ের দিগন্ত।
ঢাকা এক্সপ্রেস/এসআই