ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৯, ২২ নভেম্বর ২০২৬

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন চাইলেন হাইকোর্ট

ফাইল ছবি

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ বন্ধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম নিয়ন্ত্রিত ফিডের প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনবিদদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে।

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতার বৈধতা চ্যালেঞ্জ করে চলতি মাসের শুরুতে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন।

আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ফয়সাল দস্তগীর বলেন, এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের কম বয়সীরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি দৃষ্টিশক্তিসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে রিটটি করা হয়েছে।

আইনজীবী আরও জানান, অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে স্বাধীন কমিটি গঠন এবং ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন