ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ট্রাম্পের নতুন শুল্কের আওতায় বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:০৩, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৬, ২৫ নভেম্বর ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কের আওতায় বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চল

ডোনাল্ড ট্রাম্প, ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর এ শুল্ক আরোপ করা হবে। এর আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বাণিজ্যনীতি বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের পরিপ্রেক্ষিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত আসে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করেছিল।

নতুন ঘোষণায় চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার ৩৫ শতাংশ পর্যন্ত। অন্য দেশগুলোর ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে ট্রাম্পের সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমার কারণে কয়েকটি ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কমতে পারে।

‘ধারা ৩০১’-এর আওতায় তদন্তের তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

ধারা ৩০১-এর তদন্তে বিদেশি সরকারগুলোর বিভিন্ন নীতি ও আচরণ পর্যালোচনা করা হয়। এসব নীতি যুক্তরাষ্ট্রের ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থে অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখে মার্কিন প্রশাসন।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর যুক্তিতে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন এবং আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন