শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৫, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই নারী নেত্রীকে মাইগ্রেনের ব্যথা সারিয়ে দেওয়ার কথা বলে নিজের বাসায় যাওয়ার প্রস্তাব দেন ওসি। কথোপকথনে মামলা, গ্রেপ্তার ও দুই লাখ টাকা নিয়েও আলোচনা শোনা যায়।
ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে ওই নারী নেত্রীকে সিএনজি নিয়ে বাসায় আসতে বলেন। এ সময় তিনি ‘ওসি থাকলে কোনো সমস্যা হবে না’ বলেও আশ্বস্ত করেন। অন্যদিকে, নারী নেত্রী তার বিরুদ্ধে করা মামলা, জামিনে মুক্ত হতে দুই লাখ টাকা খরচ এবং পরিবারের সদস্যদের হুমকির বিষয়টি তুলে ধরেন।
গত ১০ নভেম্বর রাতে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর তাদের ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে থানা হাজতে শ্লীলতাহানি ও অনৈতিক আচরণের অভিযোগ করেন সনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠস্বর স্বীকার করে তিনি দাবি করেন, আসামি গ্রেপ্তারে কৌশল হিসেবে এমন কথোপকথন করেছেন।
এদিকে আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা এক্সপ্রেস/এসআই