শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:৪৫, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ইনস্টাগ্রাম/মিস ইউনিভার্স
পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী হয়েছেন স্বাগতিক দেশের প্রতিযোগী জেনিফার বারেত্তো। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের শুরুতে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে নির্বাচিত হন সেরা ১২ জন। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে বেছে নেওয়া হয় সেরা পাঁচ প্রতিযোগীকে।
সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
চূড়ান্ত পর্বে এই পাঁচ প্রতিযোগী বিচারকদের দুটি করে প্রশ্নের উত্তর দেন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাঁরা ৩০ সেকেন্ড সময় পান। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেকের জন্য আলাদা, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই। প্রশ্নোত্তর পর্ব ও সার্বিক মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ।
এবারের ৭৫তম আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুটটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।
এদিকে বাংলাদেশ থেকে এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের এই প্রতিনিধির।
ঢাকা এক্সপ্রেস/এসআই