শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:০২, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২১, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। তাই অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের দুর্ভোগের কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, হেলথ ইন্স্যুরেন্সের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর আওতায় এআই প্রযুক্তির মাধ্যমে ব্রেস্ট ক্যানসার ও সার্ভিকাল ক্যানসার শনাক্তের পরীক্ষা কম খরচে উপজেলা পর্যায়ে চালুর উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও দীর্ঘদিনের চ্যালেঞ্জ দূর করতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই