ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়ানো নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৪, ৯ অক্টোবর ২০২৬

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়ানো নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অবস্থান করছেন। বর্ষীয়ান এ বিএনপি নেতা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির এ তথ্য জানান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে তার ব্যক্তিগত সহকারী জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মিরপুরে তার দাফন করা হবে।

মোকছেদুর রহমান আবির জানান, নামের মিল থাকায় মৃত্যুর ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকেও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর জানানো হয়, যা সত্য নয়।

তিনি বলেন, স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁকে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ কারণে আমরা ধানমন্ডির বাসা ছেড়ে এখন এভারকেয়ারের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নিয়েছি।

জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর জানার পর গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক মারা যান।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন