শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬:২৪, ৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৬, ৯ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লার দাউদকান্দিতে একটি মিনি ট্রাক থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক জাকারিয়াকে (৪৫) আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক জাকারিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি মিনি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। পরে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালককে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মাদক ও অস্ত্রের বিষয়ে অস্বীকার করেন।
পরে গাড়ির পেছনের বডিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। বডির ওপর স্টিলের একটি পাত বসিয়ে মাদকগুলো আড়াল করা হয়েছিল। স্থানীয় এক ওয়েল্ডিং মিস্ত্রির সহায়তায় স্টিলের পাত কেটে ৩৩টি জ্যামিতি বক্সের ভেতরে রাখা ৮০টি প্যাকেট থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া গাড়ির সামনের আসনের নিচ থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টোলপ্লাজার সামনে থেকে মিনি ট্রাকটিতে তল্লাশি করা হয়। এ সময় ৩৬ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই