শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৬, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৯, ৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে বরগুনায় শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
সারা দেশের মতো বরগুনাতেও এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ জেলার সব নদ-নদী এবং সংলগ্ন সাগরেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য দপ্তর। জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে বা বিক্রি করলে ১ থেকে ২ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয়বার অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।
অভিযানকে ঘিরে জেলে ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে সভা, উঠান বৈঠক ও পথসভা করা হচ্ছে। মৎস্যঘাট, আড়ৎ ও বাজারে ব্যানার-ফেস্টুন টাঙানোর পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলে পল্লীগুলোতেও মাইকিং করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময় জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নদীতে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মৎস্য কর্মকর্তা জানান, বরগুনায় নিবন্ধিত ৫২ হাজার জেলের মধ্যে ২৯ হাজার ৪৬৯ জনকে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবেন। আগামী সপ্তাহের মধ্যে চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।
জেলে কার্ডে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর কার্ড হালনাগাদ করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
যাচাই-বাছাইয়ে প্রকৃত জেলে হিসেবে প্রমাণিত হলে নতুন জেলেদেরও জেলে কার্ড দেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই