শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩০, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩১, ৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার আগে দলটির অতীতের অপরাধের স্বীকৃতি ও অনুতাপ প্রকাশ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, দেশে এখনও আওয়ামী লীগের সমর্থক রয়েছেন। তারাও দেশের নাগরিক। তাদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়।
তবে এ ধরনের সমঝোতার জন্য একটি মৌলিক ভিত্তি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, কোনো রাজনৈতিক দল অপরাধ করলে সেই অপরাধের স্বীকৃতি ও অনুতাপ থাকতে হবে।
তিনি বলেন, অপরাধ স্বীকার ও অনুতাপ প্রকাশের পরই সমঝোতার বিষয়টি সামনে আসতে পারে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাতেও সমঝোতার ক্ষেত্রে অপরাধের স্বীকৃতি ও অনুতাপ গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল।
তবে অপরাধ স্বীকার করলেই ফৌজদারি অপরাধের আইনি দায় শেষ হয়ে যায় না বলেও জানান তিনি। এ ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলাদাভাবে থাকে।
৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থান নিয়েও সমালোচনা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সমঝোতার প্রয়োজনীয়তা নিয়ে অনেক আলোচনা হলেও আওয়ামী লীগ বা দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত অপরাধ স্বীকার বা অনুতাপের ইতিবাচক অবস্থান দেখা যায়নি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরও দলটির প্রধান নেত্রী তাদের দোষারোপ ও হুমকি দিয়ে যাচ্ছেন। সবাইকে দেখে নেওয়া হবে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার মতো বিভিন্ন বক্তব্যও এসেছে।
এ অবস্থায় সমঝোতা নিয়ে আলোচনা কঠিন বলে মন্তব্য করেন তিনি। জাহেদ বলেন, সমঝোতা চাইতে হবে আওয়ামী লীগকেই।
তার মতে, কেউ সমঝোতা চাইলে তাদের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে কথা বলা উচিত। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সমঝোতার মৌলিক ভিত্তি নিশ্চিত করা গেলে এ বিষয়ে আলোচনা হতে পারে।
ঢাকা এক্সপ্রেস/এসআই