শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬, ১৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বিএনপির বিরোধিতা করতে গিয়ে ‘জাশি’ (জামায়াত-শিবির) শিবিরের কাছে যাওয়ার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
‘জুলাই-পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামের ওই পোস্টে মাহফুজ আলম লেখেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ধর্মনিরপেক্ষ নাগরিক সমাজ, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাশি অ্যান্ড ৭২ আদার্স’-এর কাছে সাষ্টাঙ্গ প্রণাম করতে দেখেছেন তিনি। ক্ষমতার জন্য এবং সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে ‘জাশি’র কোলে ওঠার আপ্রাণ চেষ্টাও দেখেছেন।
তার ভাষ্য, এসব ব্যক্তির অনেকে আজীবন সাংস্কৃতিকভাবে আওয়ামী লীগের অনুসারী ছিলেন এবং বিএনপি তাদের রুচির সঙ্গে যায় না। কোলে ওঠার পর আর নামতে পারবেন না—এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অনেকে এখনো ‘জাশি’র কোলবন্দি হয়ে আছেন।
পোস্টে তিনি আরও লেখেন, ডিজিটাল মবের চাপে অনেককে ডানপন্থা থেকে উগ্র ডানপন্থায় যেতে দেখেছেন, এখনো দেখছেন। তার মতে, এসব ডিজিটাল মব মূলত পরিকল্পিত প্রচারণা ও চরিত্রহননের প্রক্রিয়া। এ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার উপায় আপাতত নেই। দেশ উগ্র ডানপন্থার পথে এগিয়ে গেছে। বিভিন্ন ধারার নরম ও কঠোর ডানপন্থিরা মিলে এ পরিস্থিতি নিশ্চিত করবে।
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও লেখেন, ক্ষমতার জন্য সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে ‘জাশি’র কাছে যাওয়ার খেসারত ধর্মনিরপেক্ষ সমাজকে দিতে হবে। একইভাবে ঐতিহ্যবাহী আলেম সমাজকেও ‘জাশি’কে সহযোগিতা করার মূল্য দিতে হবে। তার মতে, এতে লাভ হবে শুধু ‘জাশি’র। লাভের গুড় খাওয়ার পর দুই গোষ্ঠীকেই ছুড়ে ফেলা হবে।
সবশেষে মাহফুজ আলম লেখেন, ‘জাশি অ্যান্ড ৭২ আদার্স’-এর জন্য সুসময় আসছে। নিকট ভবিষ্যতে এ পরিস্থিতি পাল্টানোর সাধ্য আপাতত কারও নেই। তার ভাষ্য, ‘জাশি’র সুসময় যত বাড়বে, আওয়ামী লীগের ফিরে আসা তত অনিবার্য হয়ে উঠবে।
তিনি আরও লেখেন, দেশ আবার একাত্তরের দিকে ফিরে যাচ্ছে। বিএনপির একাংশ ‘জাশি’র জগতে, আরেক অংশ আওয়ামী লীগের জগতে বাস করবে। অন্যদের আপাতত ‘জাশি’ প্রযোজিত সাংস্কৃতিক যুদ্ধে ব্যস্ত থাকার কথা বলেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসএস