ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৭, ১৮ অক্টোবর ২০২৬

আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকা-৬ আসনের গেন্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচিতে অস্ত্র প্রদর্শনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর দাবি, হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।

রোববার (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী কর্মসূচি চলাকালে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। এ সময় নিরাপত্তার স্বার্থে প্রতিমন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীরা অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র যথাস্থানে রাখা হয়।

প্রতিমন্ত্রী দাবি করেন, তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং আত্মরক্ষার স্বার্থেই তা প্রদর্শন করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন। শনিবার পুলিশের উপস্থিতিতে মাদকের আস্তানায় অভিযান চালানো হয়।

প্রতিমন্ত্রীর দাবি, অভিযানে চার থেকে পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়। এ সময় মাদকদ্রব্য, বিদেশি মদ, মাদকসেবনের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করে গেন্ডারিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অস্ত্র প্রদর্শনের ভিডিও ও সংবাদ পরিবেশন নিয়ে উদ্বেগ জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঘটনার খণ্ডিত দৃশ্য প্রচারের ফলে সামগ্রিক প্রেক্ষাপট আড়ালে থেকে যাচ্ছে। তিনি মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন