ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

বেনজীরের বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য, সাক্ষী হলেন ২২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৭, ১৮ অক্টোবর ২০২৬

বেনজীরের বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য, সাক্ষী হলেন ২২ জন

ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে তাঁরা সাক্ষ্য দেন। বেনজীর পলাতক থাকায় তাঁর পক্ষে আইনজীবীরা সাক্ষীদের জেরা করতে পারেননি। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

সাক্ষ্য দেওয়া সাতজন হলেন নিরুপম সিংহ, মোহাম্মদ ফেরদৌস, মো. আমিনুল ইসলাম, জি এম ইশতিয়াক আজিজ, মোহাম্মদ মনিরুজ্জামান, আবদুল্লাহ আল জহির ও মাহবুবুর রহমান।

মামলার নথি অনুযায়ী, গত ৮ মার্চ আদালত বেনজীরের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ৩ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজীর আহমেদের বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অবৈধ সম্পদের উৎস ও মালিকানা গোপন করতে বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর ও বিনিয়োগের অভিযোগও আনা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন