ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাবির নৃবিজ্ঞানে ১৫ লাখ টাকার স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২২, ১৮ অক্টোবর ২০২৬

ঢাবির নৃবিজ্ঞানে ১৫ লাখ টাকার স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ১৫ লাখ টাকার ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর বিএসএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ বা নম্বর অর্জনকারী একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।

রোববার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য ১৫ লাখ টাকার চেক গ্রহণ করেন। নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়েছে।

উপাচার্যের কার্যালয়সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর পক্ষে চেক হস্তান্তর করেন মুহিত আনোয়ার চৌধুরী।

উপাচার্য বলেন, এ ট্রাস্ট ফান্ড মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাঁদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।

অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং অধ্যয়ন ও গবেষণায় উৎকর্ষ অর্জনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, দাতা পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন