শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬, ১৪ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতেও সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে বলা হয়েছে।
আঞ্চলিক কার্যালয়ে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নেওয়া কার্যক্রমের সার্বিক অগ্রগতি ছক আকারে তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য ই-মেইলে পাঠাতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস