শিরোনাম
গবি প্রতিনিধি
প্রকাশ: ১২:৫০, ৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। সংগঠনটি বলেছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা, ভয়ভীতি, হুমকি কিংবা বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সোমবার (০৫ অক্টোবর) গবিসাসের সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান যৌথ বিবৃতিতে এ কথা জানান।
তারা বলেন, সংবাদ সংগ্রহ বা ছবি-ভিডিও ধারণ নিয়ে কারও আপত্তি থাকলে তার প্রতিকার হতে হবে তথ্য, যুক্তি ও প্রচলিত নিয়মের মাধ্যমে। হামলা ও শারীরিক হেনস্তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
গবিসাস নেতারা আরও বলেন, কোনো ব্যক্তি, সংগঠন বা পক্ষের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। এসময় সংঘবদ্ধ হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। সংবাদ নিয়ে আপত্তি থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা যেতে পারে, কিন্তু হামলা বা হুমকির মাধ্যমে বাধা সৃষ্টি করা যাবে না।
জানা গেছে, রোববার রাত ৯টার দিকে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল হামলায় অংশ নেয়।
ভিডিও ধারণ করতে গেলে সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধিদের মারধর করা হয় এবং তাদের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়। সহকর্মীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অন্য সাংবাদিকেরাও হামলার শিকার হন। এতে চারজন গুরুতরসহ অন্তত ১৪ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস