ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, আহত ছয় শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৯, ১৮ অক্টোবর ২০২৬

জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, আহত ছয় শিক্ষার্থী

ছবি: ঢাকা এক্সপ্রেস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আড়াই মাসে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ছয় শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। সর্বশেষ ১৪ অক্টোবরের সংঘর্ষে আহত দুজনের মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে।

জানা যায়, গত ২৯ জুলাই ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগ দেওয়ার অভিযোগে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে রিজওয়ানুল করিম রাব্বিকে মারধর করা হয়। ৩ সেপ্টেম্বর একই সংগঠনের দুই পক্ষের বিরোধে তামজিদ আহমেদ লাবিব আহত হন। তাঁর মাথায় ছয়টি সেলাই দিতে হয়।

সর্বশেষ ১৪ অক্টোবর কেন্দ্রীয় মাঠে ‘নজরুল প্রিমিয়ার লীগ’ ক্রিকেট ম্যাচ চলাকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে রুবিউল ও সাকিবের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও চিকিৎসাধীন।

এ ঘটনায় সংবাদ সংগ্রহের সময় আরটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু তাহের মণ্ডলের মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার অভিযোগও উঠেছে।

আগের দুটি ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। সর্বশেষ সংঘর্ষের পর ১৫ অক্টোবর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে কমিটির সদস্যসচিব হিসেবে প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে রাখায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি, সংঘর্ষে জড়িতদের পাশাপাশি আগের ঘটনায় ব্যবস্থা না নেওয়া এবং সংঘাত প্রতিরোধে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন