শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৮, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে উখিয়া থানায় নেওয়া হয়।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
এদিকে রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে। পাশাপাশি হতাহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ।
শনিবার সকাল ৭টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। এ কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।
নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য ও নিকটাত্মীয় বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর বাসিন্দা মো. আশিকুল ইসলামের স্ত্রী, শ্যালিকাসহ পরিবারের সদস্যরা।
পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রিসোর্টটিতে বেড়াতে যান ঢাকার বনশ্রীর বাসিন্দা মো. আশিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান নাবিলাসহ পরিবারের অন্য সদস্যরা।
ঢাকা এক্সপ্রেস/এসএস