ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

বাসাবাড়ি থেকে ময়লা নেওয়ার মাসিক চার্জ বন্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৮, ২৬ জুলাই ২০২৬

বাসাবাড়ি থেকে ময়লা নেওয়ার মাসিক চার্জ বন্ধে হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। ‘ময়লা টানেন তাঁরা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন রিটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে বর্জ্য অপসারণ বাবদ কর আদায় করে থাকে। তাই একই সেবার জন্য ভ্যানের মাধ্যমে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের নামে মাসিক ১০০, ২০০ বা ৩০০ টাকা নেওয়া আইনগতভাবে বৈধ নয়।

তার দাবি, হোল্ডিং ট্যাক্সের প্রায় ৭ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত থাকলেও অতিরিক্ত মাসিক চার্জ আদায় করে বছরে প্রায় সাড়ে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে। অথচ এই অর্থ সিটি করপোরেশনের তহবিলে জমা হচ্ছে না।

তিনি আরও জানান, রিটটি হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।

এর আগে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথকভাবে এ বিষয়ে আবেদন করা হয়। পরে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। তাতেও সাড়া না মেলায় শেষ পর্যন্ত হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন