ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

‘সাইবার সুরক্ষাসহ গণমাধ্যমসংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে’

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫১, ২২ অক্টোবর ২০২৬

‘সাইবার সুরক্ষাসহ গণমাধ্যমসংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে’

ছবি: ঢাকা এক্সপ্রেস

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যমসংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, টেলিভিশন চ্যানেলের মালিক ও সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সাইবার সুরক্ষাসহ প্রয়োজনীয় আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি টেকসই ও যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করতে চায় সরকার, যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ সমানভাবে সুরক্ষা পান। এ প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিক হত্যাকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকসহ যেকোনো পেশার মানুষের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে।

দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও সম্প্রীতির পরিবেশে উৎসব পালন করছেন। দেশের সব নাগরিকের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা আনন্দের বিষয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় তথ্যমন্ত্রী জানান, পূজা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জেনেছেন, ভোলায় পূজা চলাকালে কোনো নিরাপত্তার শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন আন্দালিভ রহমান। বুধবার রাতে তিনি জেলা শহরের নয়টি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা জানান, তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন