শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬, ২৩ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। এতে এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বিমান কর্তৃপক্ষ যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, ফ্লাইট স্থগিত থাকায় যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস