শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:২৪, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৫, ২১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে ভিসা বাতিলের এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভিসাধারীদের যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার সতর্কবার্তাও দিয়েছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের বিষয়টি জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, তিন লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের উদ্দেশে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’
নামদার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সরকার সব সময় দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন নামদার। ওই পোস্টে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিসা বাতিলের বিষয়ে কথা বলেছেন।
তিনি জানান, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন, এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।
পিগট বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।
ঢাকা এক্সপ্রেস/এসএস