শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৩৪, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৩৫, ২১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহত ব্যক্তিরা দেশি-বিদেশি পর্যটক।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিসরের রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম।
প্রতিবেদন অনুযায়ী, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে বড় বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল যাত্রীদের আসন। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।
আল-আহরামের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। তার আগের মাস আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
ঢাকা এক্সপ্রেস/এসএস