শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৪, ২৮ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। র্যালিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে নোয়াখালীর মাইজদী প্রধান সড়ক থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, দলটিকে ধ্বংস করা এত সহজ নয়। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাঁর ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবদুর রহমান ও শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
এ ছাড়া যুবদল নেতা ওমর ফারুক টপি, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালির মধ্য দিয়ে নোয়াখালীতে যুবদলের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে দিনটি পালন করা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই