শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৩, ২৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে সেগুলো হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই