শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৬, ২৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক আবুধাবিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো. নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজনের পরনে ছিল সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক। দলের অন্য সদস্যরা বাড়ির বাইরে অবস্থান নেয়।
পরে ডাকাত দলের সদস্যরা নেছার আহমেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চার জোড়া কানের দুল ও দুটি স্বর্ণের চেইন রয়েছে। তবে নগদ টাকার পরিমাণ নিয়ে তথ্যে অমিল রয়েছে। প্রাথমিক বর্ণনায় ৪৮ হাজার ৫০০ টাকার কথা বলা হলেও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ৪৫ হাজার ৫০০ টাকা লুট হয়েছে।
এদিকে, স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের জন্য এসেছে বলে জানায়। এতে স্থানীয় লোকজন প্রথমে সরে যান। পরে বাড়ির আশপাশে লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাত দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ এখনো থানায় মামলা করতে আসেননি। ডাকাত দলের সদস্যরা চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে বলে তিনি জানান।
ওসি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরেননি। তাদের কয়েকজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরেছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস