ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১:৪০, ২৫ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কামরুল হাসান (২৪) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। পরে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত কামরুল হাসান ওই এলাকার মো. ইউছুফের ছেলে। পেশায় তিনি একজন দর্জি। কাজের সুবাদে চট্টগ্রামে থাকলেও ছুটিতে দুই দিন আগে বাড়িতে আসেন তিনি।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খালাতো ভাই রাকিবকে সঙ্গে নিয়ে জিক্সার মোটরসাইকেলে করে বাহাদুরপুর গ্রামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কামরুল। পথে বাড়ির সামনের সড়কে পৌঁছালে কয়েকজন তাদের গতিরোধ করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, এ সময় বাংলাবাজার এলাকার হারুন ও আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে নুরু নামের এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়। এতে কামরুলের ডান হাতের বাহু ও পেটের ওপরের অংশে আঘাত লাগে। পরে অভিযুক্তরা তার মোটরসাইকেলটি নিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত কামরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার এক হাতের বাহুতে বুলেটের আঘাত রয়েছে। পেটের ওপরের অংশেও বুলেটের মতো আঘাত দেখা গেছে, তবে সেখানে কোনো বুলেট পাওয়া যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।

এদিকে, ঘটনার পর ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে নুরু নামের ওই ব্যক্তির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন