শিরোনাম
পুলক রাজ
প্রকাশ: ১২:৫২, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫২, ২৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
২০২৪ সালের ৯ আগস্ট সকাল সাড়ে ৯টা নাগাদ, কলকাতার আর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে এক ৩১ বছর বয়সী তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্টে পৈশাচিক নির্যাতনের প্রমাণ ও ধর্ষণের নৃশংসতা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। কর্মক্ষেত্রে চরম নিরাপত্তার অভাব এবং সেই রাত থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার এক নগ্ন চক্রান্ত সাধারণ মানুষকে ফুঁসে উঠতে বাধ্য করেছিল, রাজপথ কেঁপে উঠেছিল প্রতিবাদের ঝড়ে।
বাস্তব জীবনের এই দগদগে ক্ষত, রাতের আঁধারে প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা এবং ক্ষমতার করিডোরে সত্যকে গলা টিপে মারার সংস্কৃতির হুবহু ছায়া অবলম্বনেই সত্য ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে হইচই এর টানটান ইনভেস্টিগেটিভ থ্রিলার ওয়েব সিরিজ ‘অজেয়া’। পরিচালক অয়ন চক্রবর্তী এটিকে পোশাকি অর্থে কোনো বায়োপিক না বললেও, এর প্রতিটি ফ্রেমে যেন সেই অভিশপ্ত রাতের দাউদাউ আগুন আর বিচার না পাওয়ার আর্তনাদ জ্বলজ্বল করে।
কাহিনির শুরু এক সরকারি হাসপাতালের চার দেয়ালের ভেতর ডা. দেবপর্ণার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে। ঘটনার শুরুতেই যখন একে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার ঠান্ডা মাথায় পরিকল্পনা চলে এবং তড়িঘড়ি করে প্রমাণ মুছে ফেলার তোড়জোর শুরু হয়, তখনই পর্দায় এন্ট্রি নেয় এসিপি দামিনী সেনগুপ্তের স্পেশাল টাস্ক ফোর্স। এরপর শুরু হয় এক মরণপণ ইঁদুর-বিড়াল খেলা। প্রশাসনের রাজনৈতিক আনুগত্য, প্রভাবশালীদের অদৃশ্য দেওয়াল এবং পদে পদে মৃত্যুর হুমকি! সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে সত্যের শেকড়ে পৌঁছাতে মরিয়া হয়ে ওঠে এই তদন্তকারী দল।
থ্রিলারপ্রেমীদের সিট-এজ নখ কামড়ানো উত্তেজনায় আটকে রাখতে ‘অজেয়া’ কোনো কমতি রাখেনি। চিত্রনাট্যের প্রতিটি মোড়ে যখন মনে হবে এই বুঝি থ্রেট সামলে সত্য বেরিয়ে এল, তখনই নতুন কোনো মোচড় পুরো হিসাব ওলটপালট করে দেয়। এর পেছনের চক্রান্ত, চিকিৎসকদের রাজপথের উত্তাল আন্দোলন এবং অপরাধীকে বাঁচাতে ‘প্রতিষ্ঠানের সম্মান’ রক্ষার নির্মম কূটকৌশল গল্পটিকে বাস্তবের ঠিক মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
অভিনয়ে এসিপি দামিনী সেনগুপ্তের চরিত্রে সোহিনী সরকার এককথায় অনবদ্য। তার শার্প লুক, পেশাগত জেদ আর ভেতরের চাপা ক্ষোভ দর্শকদের হাড় হিম করে দেবে। পাশাপাশি ইন্দ্রাশীষ রায়, রুকমা রায় ও সুদীপ মুখার্জীর নিখুঁত অভিনয় এই টানটান ক্রাইম ড্রামাকে দিয়েছে এক অন্য মাত্রা।
পরিশেষে, ‘অজেয়া’ কেবল ওটিটি স্ক্রিনের সাধারণ কোনো থ্রিলার নয়, এটি আমাদের প্রতিদিনের নিরাপত্তাহীনতার এক ভয়ংকর দর্পণ। পর্দার শেষে যতই কাল্পনিক ঘটনার ডিসক্লেইমার থাকুক না কেন, এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটি দেখতে দেখতে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে আর বারবার মনে পড়বে সেই নরকীয় রাতের কথা। ক্ষমতা যখন সত্যকে গিলে খেতে চায়, তখন বিচার পাওয়ার এই লড়াই কতটা রোমাঞ্চকর এবং ভয়ংকর হতে পারে তার চরম বাস্তব রূপ দেখতে এই সিরিজটি আপনার দেখা আবশ্যক।
ঢাকা এক্সপ্রেস/এসআই